মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সারাওয়াকের প্রধানমন্ত্রী আবাং হাজি আব্দুর রহমান যোহারি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার কুচিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সারাওয়াক-এর মধ্যে সম্পর্ক উন্নয়নে পারস্পরিক আগ্রহ ও প্রতিশ্রুতি প্রতিফলিত হয়।
বৈঠকে কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রমিক অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। হাইকমিশনার বাংলাদেশের কৃষি সম্ভাবনা ও মানবসম্পদের সক্ষমতা তুলে ধরে সারাওয়াকের উন্নয়নে দক্ষ, অর্ধদক্ষ ও সাধারণ শ্রমিক সরবরাহের মাধ্যমে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
সারাওয়াকের প্রধানমন্ত্রী রাজ্যের উন্নয়ন কৌশলের প্রধান খাত হিসেবে কৃষি ও নবায়নযোগ্য জ্বালানির কথা উল্লেখ করে এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। তিনি নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগে নীতিগত সম্মতি দেন।
বৈঠকে অভিবাসন প্রক্রিয়া নিয়ন্ত্রণে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাবও গুরুত্ব পায়। পাশাপাশি কৃষি খাতে সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি—বিশেষ করে সৌরশক্তি ও টেকসই প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার এবং আলোচিত বিষয়গুলোর বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মন্ত্রী (শ্রম, অভিবাসন ও প্রকল্প পর্যবেক্ষণ) গেরাওয়াত গালা উপস্থিত ছিলেন।
পরে হাইকমিশনার Malaysian Manufacturing Federation এবং Sarawak Business Federation-এর সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে পারস্পরিক সুবিধাজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।