মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

অনুষ্ঠান পণ্ড

গোয়াইনঘাটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের মারামারি

সিলেটে মন্ত্রীর উপস্থিতিতে তাঁর পাশের চেয়ারে বসা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর ফলে পণ্ড হয়ে যায় একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠান।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী মঞ্চে আসন গ্রহণের পর তাঁর পাশের একটি চেয়ারে বসা নিয়ে স্থানীয় এক যুবদল নেতার সাথে অপর এক নেতার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে একে অপরের ওপর চড়াও হন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

মন্ত্রী নিজের চোখের সামনে দলীয় নেতাকর্মীদের এমন মারামারি ও বিশৃঙ্খলা দেখে অত্যন্ত ক্ষুব্ধ ও বিরক্ত হন। পরিস্থিতির অবনতি দেখে তিনি উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন না করেই দ্রুত সভাস্থল ত্যাগ করেন। এসময় পুলিশ পাহারায় তাঁকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। প্রধান অতিথির প্রস্থানের ফলে অনুষ্ঠানটি মাঝপথেই পণ্ড হয়ে যায়। তবে পরবর্তীতে মন্ত্রী নির্ধারিত অন্য কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা তাঁকে নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে নিয়ে আসি। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রকাশ্য জনসভায় মন্ত্রীর উপস্থিতিতে এমন কাণ্ডে স্থানীয় সচেতন মহলে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই সম্পর্কিত আরো