সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

একটি কান্না, একটি জীবন—বিশ্বনাথে মানবিকতার গল্প

সিলেটের বিশ্বনাথে রাতের আঁধারে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। নিষ্ঠুরভাবে পথের ধারে ফেলে যাওয়া শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। পরে প্রশাসনের মানবিক উদ্যোগে শিশুটির নাম রাখা হয় ‘ফাতেমা বেগম’ এবং নিশ্চিত করা হয় তার নিরাপদ আশ্রয়।

ঘটনাটি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া গ্রাম সংলগ্ন এলাকায়। গত রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় সিএনজিচালক মুক্তার মিয়া যাত্রী নামিয়ে ফেরার পথে ধলিপাড়া গ্রামের ‘পিছর মুখ’ এলাকায় পৌঁছালে হঠাৎ তার গাড়ি বিকল হয়ে যায়। এ সময় নির্জন অন্ধকার সড়কে তিনি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন, কোনো কাপড় ছাড়া একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পড়ে আছে নবজাতকটি। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে থানার ওসি গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তার এবং ওসি গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ইউএনও উম্মে কুলসুম রুবি শিশুটিকে কোলে তুলে নিয়ে সেখানে উপস্থিত সবার সম্মতিতে তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহারসামগ্রী প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সিলেটের বাগবাড়ীস্থ ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

 

এই সম্পর্কিত আরো