বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত সিলেট। বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক উৎসব আর তারুণ্যের উচ্ছ্বাসে মঙ্গলবার (পহেলা বৈশাখ) প্রাণের শহর সিলেট পরিণত হবে এক মিলনমেলায়। ইতোমধ্যে নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোতেও থাকবে বর্ণিল আয়োজন, যেখানে অংশ নেবে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী মানুষ।
প্রতিবছরের ধারাবাহিকতায় আনন্দলোক, সিলেট শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে এ আয়োজন।
সাংস্কৃতিক সংগঠন শ্রুতি, সিলেট আয়োজন করেছে দিনব্যাপী বৈশাখী উৎসব। নগরের ব্লু বার্ড স্কুল মাঠে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে তাদের অনুষ্ঠানমালা।
একইভাবে চারণ, সিলেট নগরের চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজন করেছে বর্ষবরণ উৎসব।
অন্যদিকে, সিলেট আর্টস কলেজ, সিলেট আর্ট অটিস্টিক স্কুল ও সিলেট আর্ট স্কুলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় নগরের কুমারপাড়ায় কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হবে। পরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং থাকবে বৈশাখী চিত্র প্রদর্শনী।
এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। এসব আয়োজনে তারুণ্যের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, নববর্ষের আগের দিন সোমবার (চৈত্র সংক্রান্তি) বিকেলে নগরের চাঁদনী ঘাটে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। বেলা ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
সব মিলিয়ে, গান, নৃত্য, আবৃত্তি, শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতির সমন্বয়ে সিলেট প্রস্তুত এক আনন্দমুখর বৈশাখ বরণের জন্য।