পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। “নগদবিহীন লেনদেন হচ্ছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে উপজেলায় নগদবিহীন লেনদেন বিষয়ে গ্রাহক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট পশ্চিম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন।
এ সময় পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি দেশের প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের এসব ডিজিটাল সেবা সম্পর্কে অবহিত করা হয়।
এসব সেবার মধ্যে রয়েছে— ব্যাংকিং অ্যাপ (পূবালী পি ব্যাংকিং), ইলেকট্রনিক গ্রাহক পরিচয় যাচাইয়ের (ই-কেওয়াইসি) মাধ্যমে সহজে হিসাব খোলা, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (সিআরএম) ও স্বয়ংক্রিয় নগদ উত্তোলন যন্ত্র (এটিএম) বুথের মাধ্যমে নগদ জমা ও উত্তোলন, পাশাপাশি কিউআর কোড ও পিওএস-ভিত্তিক লেনদেনসহ নানা সুবিধা।
আয়োজকরা জানান, এসব আধুনিক সেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে ও বাইরে নিরাপদ, দ্রুত এবং ঝামেলামুক্ত ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারছেন, যা দেশকে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার দিকে এগিয়ে নিচ্ছে।