সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় এক সাংবাদিককে সপরিবারে প্রাণে মারার হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক বদরুর রহমান (বাবর) এ বিষয়ে রবিবার (১২ এপ্রিল) সিলেটের পুলিশ কমিশনার ও পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বালুচর ও জোনাকী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে টিলার মাটি কেটে আসছে। সাংবাদিক বদরুর রহমান এ বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এর জেরে গত ১০ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ১০টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার বাসায় চড়াও হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জালাল উদ্দিন, মোশারফ আলী, জাহাঙ্গীর মিয়া, শাকির আহমদ ও ইউসুফ আলীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন দেশীয় অস্ত্র (দা, রামদা, লোহার রড) নিয়ে সাংবাদিকের বাসায় হামলা চালায়। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফেসবুক থেকে টিলা কাটার ভিডিও ও পোস্ট ডিলিট না করলে তাকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর ভয়ও দেখানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।
সাংবাদিক বদরুর রহমান জানান, টিলা কাটার ভিডিও তার কাছে সংরক্ষিত আছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে এবং অবৈধ পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের দ্বারস্থ হয়েছেন।
এ বিষয়ে সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির বলেন, অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, অপরাধ দমনে পুলিশ কমিশনারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।