সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরেক সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলার বেহেলী ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেলিম আহমদের অস্থায়ী মুদির দোকানের পশ্চিম পাশ থেকে তাজুল ইসলাম সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের সত্তার মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
অভিযান চলাকালে একই এলাকার সাচনা (শ্মশানঘাট) গ্রামের অজেন দাসের ছেলে সজিব দাস (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে এএসআই গোলাম কিবরিয়ার সঙ্গে কনস্টেবল শরীফ, পারভেজ ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।