বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ঘরের ভেতরে থাকা কাপড়, ফার্নিচারসহ সব ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিশ্বনাথ পৌরসভার সত্তিশ উত্তরপাড়া গ্রামে মৃত আরব আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তোফায়েল আহমদ বলেন, “রাতের খাবার শেষে আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি ঘরের একাংশে আগুন লেগে দাউদাউ করে জ্বলছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা ফার্নিচার ব্যবসার মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। পরে বাজারের লোকজন ও এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়।”
এ বিষয়ে বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল হলে তাদের সরকারি সহায়তা প্রদান করা হবে।