মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে মো. সেলিম মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা এলাকায় নিজ বসতঘরের পুরোনো মাটির ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরোনো মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে হঠাৎ একটি বড় অংশ ভেঙে সেলিমের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্ত্রী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।