সিলেটের বিশ্বনাথ উপজেলায় ডিবি পরিচয় দিয়ে এক প্রতারক গরু ব্যবসায়ী হকলু মিয়া থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্বনাথ পুরান বাজারের কলাহাটায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হকলু মিয়া বিশ্বনাথ পৌরসভার ভোগশাইল গ্রামের বাসিন্দা।
হকলু মিয়া জানান, “আজ বিকেলে গরু কেনার জন্য আমি বাজারে ৬১ হাজার টাকা নিয়ে এসেছিলাম। হঠাৎ একজন ব্যক্তি আমার সামনে এসে ডিবি পরিচয় প্রদান করে এবং একটি কার্ড দেখায়। তিনি আমার শরীর তল্লাশি করে এবং কোমরে লুঙ্গির ভাঁজে রাখা নগদ ৫০ হাজার টাকার বান্ডিলে হাত দেয়। কিছুক্ষণ পর তিনি চলে গেলে বুঝতে পারি, ৫০ হাজার টাকার বান্ডিল চলে গেছে।”
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এটি প্রতারণা ঘটনা হিসেবে শনাক্ত করা হয়েছে। আমরা প্রতারককে চিহ্নিত করেছি এবং গ্রেফতারের জন্য কাজ চলছে।”