মৌলভীবাজারের কমলগঞ্জের আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের দায়ে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক আটক ও ৫০ হাজার টাকা জরিমানা ও মজুত করা অবৈধভাবে জ্বালানি তেল ১ হাজার ৬শ’ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের পৃথক অভিযান পরিচালিত হয়।
জানা যায়, উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক আটক করা হয়। এসময়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজ এর মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে রাতে এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হিরন মিয়ার ঘর থেকে আট ড্রামে রাখা ১৬০০ লিটার ডিজেল উদ্ধার করে জব্ধ করে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, জব্দকৃত এই ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের জানান, দু’টি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারনে ১৬শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় পলাতক হিরন ও তার ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।