সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামের মাঠে গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাউসী গ্রামসহ আশপাশের এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুদীপ্ত দাস, সুবীর সূত্রধর, প্রাণেশ বৈষ্ণব, পঙ্কজ চক্রবর্তী, নাঈম সিদ্দিকী, কৃষ্ণ বৈষ্ণব, সিতেশ তালুকদার, দিগেন্দ্র দাস, পবিত্র বৈষ্ণব, আলতা মিয়া, নভেশ আচার্য, জনার্দন সূত্রধর, সোবান মিয়া ও মিল্টন দাস।
বক্তারা অভিযোগ করেন, হত্যা মামলার প্রধান আসামি চান মিয়া ও তার সহযোগীরা সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে কামিনী দাসের মালিকানাধীন জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ করেছেন। এ সময় তারা গ্রামবাসীকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, আসামিপক্ষ প্রকাশ্যে হুমকি দিচ্ছে গ্রামে আরও হত্যাকাণ্ড ঘটানো হবে এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো হবে। এতে করে পুরো গ্রামবাসী চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৬ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাউসী গ্রামের প্রান্ত দাসকে হত্যা করা হয়। এ ঘটনায় চান মিয়াকে প্রধান আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান বলে জানা গেছে।