বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে যাত্রী ছাউনি ভেঙে রাস্তা নির্মাণ, যাত্রী-শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে যাত্রী ও ছাত্র-ছাত্রীদের বসার একমাত্র আশ্রয়স্থল যাত্রী ছাউনি ভেঙে ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

বিগত ৩১ মার্চ দক্ষিণ গাজীনগর গ্রামের মো: সুলেমান মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার পক্ষে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে আতাউর রহমান এই বিষয়টি সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে জানান।

অভিযোগে বলা হয়েছে, গাজীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ও পাথারিয়া বাজারের প্রভাবশালী আব্দুল মমিন তাঁর বাড়ির সামনে বড় মার্কেট নির্মাণের জন্য জেলা প্রশাসন কর্তৃক নির্মিত যাত্রী ছাউনিটি ভেঙে ফেলেন। স্থানীয়রা জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে ধাপে ধাপে ছাউনিটি ভেঙে সেখানে পাকা রাস্তা নির্মাণ করা হয়।

এ ঘটনায় পাথারিয়া বাজারের সাধারণ পথচারী এবং ছাত্র-ছাত্রীদের বসার একমাত্র স্থান নষ্ট হয়ে গেলে ঝড়-বৃষ্টি বা রোদে আশ্রয় নেওয়া এবং গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে গেছে। স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

অভিযোগে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যাত্রী ছাউনি পুনঃনির্মাণের দাবি জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে আব্দুল মমিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, “ঘটনাটি তদন্তের জন্য শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে যাত্রী ছাউনি ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরো