বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ২ হাজার লিটার ডিজেল জব্দ, অভিযুক্তের শাস্তি না হওয়ায় জনমনে ক্ষোভ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাচনা বাজার মসজিদ মার্কেট সংলগ্ন নবী হোসেনের গোডাউন থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। গোডাউনটি ধানুয়াখালী গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে নবী হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে।

অভিযানকালে ২০০ লিটারের ১০টি ড্রাম এবং একটি খোলা ড্রামে থাকা অতিরিক্ত ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া আরও ৩টি খালি ড্রাম জব্দ করা হয়েছে।

জব্দকৃত ডিজেল ও ড্রামগুলো সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালালের হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, অভিযুক্ত নবী হোসেন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুধুমাত্র ডিজেল জব্দ করে অভিযান শেষ করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গোডাউনের মালিক নবী হোসেন দাবি করেন, তিনি বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুদ করেননি। তার নিজস্ব চারটি নৌকা রয়েছে এবং সেগুলোর ইঞ্জিনে ব্যবহারের জন্যই এই জ্বালানি তেল সংরক্ষণ করেছিলেন।

অভিযান পরিচালনাকারী সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই সম্পর্কিত আরো