প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সুনামগঞ্জের দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে দিরাই পৌর সদর এলাকার দিরাই-শাল্লা সড়কের দাউদ-রাধানগর পয়েন্টে সড়ক বিভাগ, সড়ক ও জনপদ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ মতিউর রহমান খান, সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, বিএনপি নেতা কয়সর আহমদ, কৃষক দলের আহবায়ক সালাউদ্দিনসহ সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ শুধু পরিবেশ সুরক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।