সিলেট মহানগরীতে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় মোট ৬৯ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামি ছাড়াও মাদক ব্যবসায়ী ও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার দিবাগত রাত ১২টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিরতিহীন অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ।
গ্রেফতারকৃতদের পরিসংখ্যান অনুযায়ী, নিয়মিত মামলার আসামি ৮ জন, ওয়ারেন্টভুক্ত ৯ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন হিসেবে ৪ জন, অবৈধভাবে পথ দখলকারী ৭ জন হকার এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ আইনে ৩১ জনকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।