হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যেই এই পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের মোট ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
নবনিযুক্ত জেলা প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘ ১৭ বছর আন্তর্জাতিকভাবে বিএনপির কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সৎ নেতৃত্ব এবং দায়িত্বশীলতার জন্য তিনি রাজনৈতিকভাবে সুপরিচিত। মিষ্টভাষী ও জনপ্রিয় নেতা হিসেবে তিনি সিলেট বিভাগে বিএনপির নেতা-কর্মীদের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আহমেদ আলী মুকিব জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বানিয়াচং উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: খালেদ মিয়া বলেন, “আহমেদ আলী মুকিব ভাইয়ের নেতৃত্বে হবিগঞ্জের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলা জুড়ে উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।”
জেলা প্রশাসনের প্রতিক্রিয়ায় জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের তদারকি এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়গুলিকে অগ্রাধিকার দেবেন।