সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সিলেট নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করব। সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানকে আরো সেবামুখী করব।
সোমবার (৩০ মার্চ ) নগরীর ধোপাদিঘিরপাড়ে সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র ও বাগবাড়িতে বর্ণমালা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার খোঁজ নেন এবং কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার নির্দেশ দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক একটি নগর গড়তে যেমন নানামুখী উন্নয়ন প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা ও বেড়ে উঠার সুযোগ দেওয়া। আমরা নগরবাসীর কাছে উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।
তিনি বিভিন্ন ওয়ার্ডে সিটি কর্পোরেশন পরিচালিত ৮টি নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।