মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে সকাল সাড়ে ৮টায় দিরাই মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এতে অংশ নেয় পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুপুরে উপজেলা গণ- মিলনায়তন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।