সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা-এ প্রভাবশালীদের বিরুদ্ধে জোরপূর্বক পৈত্রিক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব পাগলা ইউনিয়ন-এর নোয়াগাঁও গ্রামে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে নোয়াগাঁও গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে মো. জমির আলী নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, একই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে সেবুল মিয়া, রেজাউলসহ তাদের পরিবারের সদস্যরা তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রেখেছে।
লিখিত বক্তব্যে জমির আলী জানান, পিতার মৃত্যুর পর তিনি ও তার দুই ভাই পৈত্রিক সম্পত্তি সমানভাবে ভাগ করে ভোগদখল করে আসছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে আর্থিক সংকটের কারণে প্রায় চার বছর আগে তিনি তার মালিকানাধীন ৬ শতক জমি বিক্রির উদ্যোগ নেন এবং একই গ্রামের উমর আলীর কাছ থেকে বায়না হিসেবে কিছু টাকা গ্রহণ করেন।
এ খবর জানার পর তার ভাতিজা সেবুল ও রেজাউল উক্ত জমি নিজেরা ক্রয়ের আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে সালিশে গড়ায়। পরবর্তীতে গ্রাম্য সালিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে একাধিক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়—সেবুল জমির আলীকে ৮ লাখ টাকা প্রদান করবে এবং বিনিময়ে জমি তার নামে রেজিস্ট্রি করা হবে।
কিন্তু অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা প্রদান না করে সেবুল ও তার পরিবারের সদস্যরা উল্টো জমিটি দখল করে নেয়। জমির আলী আরও অভিযোগ করেন, জমিতে কাজ করতে গেলে তাকে গালিগালাজ করা হয় এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধরের চেষ্টা করা হয়। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
এ ঘটনায় তিনি গত ২৪ মার্চ শান্তিগঞ্জ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সেবুল মিয়া ও রেজাউল মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ জানান, অভিযোগটি তারা পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।