রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক

গোলাপগঞ্জের প্রখ্যাত সাংবাদিক, লেখক ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাপ্তাহিক গোলাপ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব আখতারুজ্জামান আর নেই। তিনি শনিবার (২১ মার্চ ২০২৬) যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুসংবাদে সাংবাদিক মহলসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক আখতারুজ্জামানের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারি বাজার ইউনিয়নের বানীগাজী গ্রামে। তিনি স্ত্রী দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনির স্ত্রী সুফিয়া বেগম চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা।

আখতারুজ্জামান নব্বই দশকে গোলাপগঞ্জ অঞ্চলের সাংবাদিকতায় এক উজ্জ্বল নাম ছিলেন। ১৯৯২ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক গোলাপ, যা দ্রুতই স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন নির্ভীক ও আপসহীন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ঢাকাদক্ষিণ সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করতেন। পেশাগত জীবনে তিনি যেমন ছিলেন দক্ষ ও নিষ্ঠাবান, ব্যক্তিজীবনেও ছিলেন সদাহাস্য, অমায়িক ও সহজ-সরল একজন মানুষ। সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব।

তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করা সহকর্মীরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আখতারুজ্জামান ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, যিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্বে সাপ্তাহিক গোলাপ শুধু একটি পত্রিকা নয়, বরং একটি সামাজিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল।

আখতারুজ্জামানের মৃত্যুতে এলাকাবাসী এক অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারাল। তাঁর অবদান স্থানীয় সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এদিকে সাংবাদিক আখতারুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, সদস্য সচিব শাহিন আলম সাহেদ, আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সুহেদ, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, জহুরুল ইসলাম।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সম্পর্কিত আরো