মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জেলা প্রশাসনের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সুনামগঞ্জের নবনির্বাচিত চার সংসদ সদস্যকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, আজকের এই সম্মান শুধু আমাদের না, সুনামগঞ্জ জেলাবাসীর। তাই আগামীতে এই সম্মান যেনো আমরা জনপ্রতিনিধিরা ধরে রাখতে পারি। তিনি আরও বলেন, হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি উচ্ছেদ করতে আমরা ওয়াদাবদ্ধ। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা জনপ্রতিনিধিরা প্রশাসনের পাশে সার্বক্ষণিক থাকবো। এসময় অন্যান্য সংসদ সদস্যবৃন্দও সুনামগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার এর সঞ্চালনায় মতবিনিময় ও সংবর্ধনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড. শেরেনূর আলী, নাদির আহমদ, রেজাউল আহমেদ, আকবর আলী, সুহেল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।