মাদক ও সন্ত্রাস প্রতিরোধে যুব সমাজকে সম্পৃক্ত করতে সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকায় অনুষ্ঠিত হলো তেঘরিয়া ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন-১ এর জমজমাট ফাইনাল ম্যাচ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জলিলপুর মাহী এসসি এবং রানার্সআপ হয়েছে তেঘরিয়া বিদিশা ফাইটার।
গত ৩০ জানুয়ারি তেঘরিয়া যুব সমাজের উদ্যোগে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে তোফায়েল, রাকিব, রাজা ও জিয়া জানান, তরুণদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডিশনাল পিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু এবং সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমেন আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুর, তাজউদ্দিন আব্দুল বাছিত, শাকিল মিয়া, সুভেন মিয়া, শাহীন মিয়া, পায়েল, নুরুল হুদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চ্যাম্পিয়ন দলকে একটি খাসি এবং রানার্সআপ দলকে একটি ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।