ফাঁকা আওয়াজ না দিয়ে কাজ করে দেখাবেন বলে জানিয়েছেন বিএনপি সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদীর জানান, রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে এবং এ অবস্থায় রমজানের বাজার নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রমজান মাস শুরু হওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, 'রমজান মাস সামাল দেওয়াটাই এখন সরকারের জন্য বড় পরীক্ষা। মানুষের প্রত্যাশা পূরণ করতে সরকারকে সফল হতেই হবে এবং এর কোনো বিকল্প নেই।'
রমজানের বাজার নিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, 'পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারও স্থিতিশীল থাকবে। রমজান মাস ও পরবর্তী সময়ের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ সরকারের হাতে রয়েছে এবং পাইপলাইনে পর্যাপ্ত পণ্য আছে। এ কারণে বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।'
রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'এটি অনেক ক্ষেত্রে এককালীন চাহিদা বৃদ্ধির ফল। মানুষ সাধারণত পুরো মাসের বাজার একসঙ্গে করে। হঠাৎ করে ভোগ বেড়ে যাওয়ায় এর প্রভাব খুচরা বাজারে পড়ে। তবে এ প্রভাব খুব বেশি সময় স্থায়ী হয় না।'
এদিকে, নতুন সরকার স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে বলেও জানিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, 'এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।'
'বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করা হয়েছে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে,' যোগ করেন তিনি।
ব্যবসায়ী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী মুক্তাদীর বলেন, 'এলডিসি উত্তরণ পেছানোর বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রথম সপ্তাহেই চিঠি দিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও সরকার আজ থেকেই এ নিয়ে কাজ শুরু করেছে।'
রপ্তানির সাম্প্রতিক নিম্নগতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশের রপ্তানি কাঠামো এখনো অত্যন্ত সংকীর্ণ। বর্তমানে দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই একটি মাত্র পণ্যের ওপর নির্ভরশীল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে, নতুন পণ্য যুক্ত করতে হবে এবং নতুন বাজার সম্প্রসারণে জোর দিতে হবে। একই সঙ্গে বিনিয়োগে আগ্রহী বেসরকারি খাতকে সহায়তা দেওয়া হবে।'
বৈদেশিক ও দেশীয় বিনিয়োগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, 'অনিশ্চয়তার মধ্যে কোনো বিনিয়োগ আসে না। বিনিয়োগের প্রথম ও প্রধান শর্ত হলো একটি স্থিতিশীল পরিবেশ। বিনিয়োগকারীরা তখনই বিনিয়োগ করেন, যখন তারা নিশ্চিত হন যে তাদের পুঁজি ও শ্রমের বিপরীতে প্রত্যাশিত রিটার্ন পাওয়া যাবে।'
তিনি আরও বলেন, 'দেশে বড় একটি কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে এবং প্রতিবছর প্রায় ২০ থেকে ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। গত ২-৩ বছর ধরে বিনিয়োগ স্থবির থাকাটা দেশের জন্য বড় চাপ তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে না পারলে কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হতে পারে।'
পরে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।