গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ হাসান (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হাসান বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুড়া গ্রামের বাসিন্দা ও আব্দুর রউফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হিলালপুর এলাকায় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল ও চালকের মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।