সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সব হাওরে ফসল রক্ষা বাধেঁর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাঁধের কাজে তদারকিতে পাউবো ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় ধীরগতির অভিযোগ করা হয়। নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন না হলে বন্যা ও পাহাড়ি ঢলে ফসল ডুবির আশঙ্কা রয়েছে। বাঁধে অনিয়ম দুর্নীতির কারণে ফসল ডুবি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জের হাওরে বোরো ফসলের সুরক্ষায় সাড়ে ৫শ কি.মি বাধঁ নির্মাণে ৭৩৭টি প্রকল্পে ১৪৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাঁধ নির্মাণের শেষ সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।