মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক স্কুল-কলেজে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাই স্কুল এন্ড কলেজ-এ বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা এবং শিক্ষকসহ বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শনের অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী ও প্রতিষ্ঠানের স্থায়ী দাতা সদস্য শহীদ আবুল কালাম সেতু। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে সহযোগিতাকারী ব্যক্তি, প্রয়াত শিক্ষকবৃন্দ এবং দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের অবদানের কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোহাম্মদ সায়েক মামুন, মো. বাহরাম খান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আ. ফ. ম. শামীম, সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, ইউপি সদস্য মো. বাবরু মিয়া, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম হেলাল, নির্বাহী সদস্য সাংবাদিক এম এ কাদির, শিক্ষানুরাগী তাহিয়া উদ্দিন, মিজানুর রহমান মির্জাসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক জাকারিয়া টিপু ও রিপন বর্মন। স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক মো. গৌছ উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. বুরহান উদ্দিন।

পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো