মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে প্রথমবার ১১২৬ ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা

উৎসবের ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে। নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এবারই প্রথম ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে থাকছে বডি-অর্ন ক্যামেরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকে। সে অনুযায়ী প্রচার শেষ হওয়ার পর এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। ইতোমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম।

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ২ হাজার ৮৮১টি। এর মধ্যে ১ হাজার ১২৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের সব ভোটকেন্দ্রই সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিভাগীয় তথ্য অনুযায়ী, সিলেটের ৬টি আসনে ১ হাজার ১৬টি, সুনামগঞ্জের ৫টি আসনে ৬৬৪টি, হবিগঞ্জের ৪টি আসনে ৬৪৭টি এবং মৌলভীবাজারের ৪টি আসনে ৫৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সিলেটে ২১৭টি, সুনামগঞ্জে ৪৫১টি, হবিগঞ্জে ২৩৫টি এবং মৌলভীবাজারে ২২৩টি কেন্দ্র রয়েছে।

সিলেট জেলার ৬টি আসনের ১ হাজার ১৬টি কেন্দ্রের মধ্যে ২১৭টি কেন্দ্রে কোনো ধরনের সংস্কার হয়নি। উপজেলার মধ্যে বিয়ানীবাজারে ২টি, দক্ষিণ সুরমায় ৪টি, ফেঞ্চুগঞ্জে ১২টি, গোয়াইনঘাটে ৪৬টি, কানাইঘাটে ৫০টি, কোম্পানীগঞ্জে ১টি, সদর উপজেলায় ৪৫টি, জকিগঞ্জে ৯টি, জৈন্তাপুরে ২৪টি এবং বালাগঞ্জে ২৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

সিলেট নগরীতে মোট ২৯৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর সব ভোটকেন্দ্রে পুলিশ, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুনামগঞ্জে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৬৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮৯টি অতিঝুঁকিপূর্ণ এবং ১৫৭টি দুর্গম কেন্দ্র রয়েছে। জেলা প্রশাসনের তথ্যমতে, অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি মনিটরিং থাকবে। নির্বাচনী নিরাপত্তায় জেলার ১২ উপজেলায় সেনাবাহিনীর প্রায় ১ হাজার ১০০ সদস্য, বিজিবির প্লাটুন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে।

হবিগঞ্জে ২৩৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

হবিগঞ্জের চারটি আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ১০৩টি অতিঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলায় ২ হাজার ৬৭ জন পুলিশ সদস্য, ৫৫টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করবে।

মৌলভীবাজারে বডি-অর্ন ক্যামেরা

মৌলভীবাজারের চারটি আসনে ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টি ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এসব কেন্দ্রে বডি-অর্ন ক্যামেরাসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার কার্যালয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ভোটের দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সম্পর্কিত আরো