মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের অঙ্গীকার: শান্তিগঞ্জে এম কয়ছর আহমদ

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে—উভয় দলই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আজ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিগুলো ঐকবদ্ধ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোয়ছর আহমদ বলেন, এই আসন থেকে অতীতে নির্বাচিত নেতারা—আবদুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ, ফারুক রশিদ ও এম এ মান্নান—নিজ নিজ সময়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নির্বাচিত হলে তিনি তাঁদের হাতে গড়া উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। তিনি সুনামগঞ্জের উন্নয়নে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের অবদানের কথা স্মরণ করে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই এলাকায় প্রতিষ্ঠিত হওয়া উচিত। ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের জন্য নির্বাচিত হলে তিনি শান্তিগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে বসবাস করবেন এবং মাসে দু’দিন শান্তিগঞ্জ ও দু’দিন জগন্নাথপুর উপজেলায় কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভোটারদের সঙ্গে দেখা করার সুযোগ রাখবেন।

কয়ছর আহমদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সুনামগঞ্জ-৩ আসনে বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হবে। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না—এটি আমার বিশ্বাস।”

শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে পিকআপ, বাস ও অটোরিকশা যোগে হাজারো নেতাকর্মী ও সমর্থক মিছিল করে সভাস্থলে উপস্থিত হন। সভাস্থল শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এই সম্পর্কিত আরো