ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ মুহূর্তে এসে জমে উঠেছে। এ সময় ব্যস্ত গণসংযোগে সময় পার করছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানসহ বিভিন্ন এলাকায় শওকতুল ইসলাম শকুর সমর্থনে উঠোন বৈঠক ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
উঠোন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শওকতুল ইসলাম শকু বলেন, এমপি নির্বাচিত হলে তিনি চা-শ্রমিক জনগোষ্ঠীর ন্যায্য মজুরি, মানসম্মত স্বাস্থ্যসেবা, আবাসন ও সার্বিক জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি বলেন, “আমি আশাবাদী, চা-শ্রমিক ভাই-বোনেরা এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন।”
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এবং আগামী সরকার বিএনপি গঠন করবে—এ বিষয়টি এখন জনগণের কাছে স্পষ্ট। কুলাউড়ার সার্বিক উন্নয়নের স্বার্থে চা-শ্রমিকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বলেও তিনি দাবি করেন।
শওকতুল ইসলাম শকু বলেন, নির্বাচনী প্রচারণায় সকল শ্রেণি-পেশার ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।