সুনামগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী শেখ মুশতাক আহমদ।
রবিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ লিখিত বক্তব্যে বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে আমরা প্রথম থেকে ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য আহ্ববান জানিয়ে আসছিলাম। অনেক চেষ্ঠা করে আমরা ঐক্যে পৌঁছাতে পারিনি। এ আসনে আমাদের জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত ছিল, সিদ্ধান্তহীনতার কারণে আসনটি হারাতে হচ্ছে। আমি একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পেয়েও আমাদের দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করছি। তবে আমরা কোন প্রার্থীকে সমর্থন করব না।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি সুহেল আহমদ চুনু, শান্তিগঞ্জ উপজেলার সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সুনামগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশি ছিলেন ৪ জন। এ আসনে কোন সমঝোতা না হওয়াতে আসনটি উন্মুক্ত রাখা হয়।ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন দলীয় সিদ্ধান্তে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন নেন। বর্তমানে ১০ দলীয় ঐক্যে জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা (রিকশা) ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।