সুনামগঞ্জ–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেছেন, বিগত সময়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি। যারা জনগণের আস্থা হারিয়েছে, তারা জনগণ থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জামালগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাচনা বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ আজ চরম সংকটময় সময় অতিক্রম করছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে নয়, বরং জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো।
নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তাদের অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এটি শুধু একটি দলের দাবি নয়, বরং দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে জাতি আজীবন তা স্মরণ রাখবে।
তিনি জুলাই বিপ্লব, শাপলা চত্বর ও বিডিআর বিদ্রোহে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নির্বাচনী এলাকার তিনজন শহীদের আত্মার মাগফিরাত কামনাও করেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাদের ভাই। আপনাদের মা-বোন আমাদেরও মা-বোন। আমি কথা দিচ্ছি, এই দেশে আপনারাই সবচেয়ে নিরাপদে বসবাস করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলুমের দল। গত দুই দশকে অন্য কোনো রাজনৈতিক সংগঠন জামায়াতের মতো এত নির্যাতনের শিকার হয়নি। এত জুলুমের পরও জামায়াতে ইসলামী গত দেড় বছরে একশ’ গজ জমিও দখল করেনি। মজলুমের দল জামায়াতের নেতাকর্মীরা কখনো চান্দাবাজিতে জড়ায় না।
তিনি দাবি করেন, কৃষক-শ্রমিক-সাধারণ মানুষের ভালোবাসায় সুনামগঞ্জ–১ আসনসহ সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক সাচনা বাজারে জনসমাগমই প্রমাণ করে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় হবে—ইনশাআল্লাহ।
জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির শাখার অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সিলেট মহানগর ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং জামালগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী আকবর প্রমুখ।
পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ঐতিহাসিক বটতলা এলাকা লোকে লোকারণ্যে পরিণত হয়।