বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

রাজনগরে উন্নয়নের ডাক ১১ দলীয় প্রার্থী বিলালের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী দেয়ালঘড়ি মার্কার প্রতীকের মাওলানা আহমদ বিলালের সমর্থনে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাদ মাগরিব খেয়াঘাট বাজারে অনুষ্ঠিত পথসভায় সুরুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আহমদ বিলাল।

পথসভায় তিনি বলেন, রাজনগর উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার মানুষের সমস্যার শেষ নেই। রাস্তাঘাটের বেহাল দশা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, নদীভাঙন এবং হাওর এলাকার সেচ সংকট রাজনগরের মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

তিনি বলেন, কাউয়াদীঘি হাওর শুধু রাজনগরের নয়, পুরো মৌলভীবাজার জেলার কৃষি ও মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ আধার। কিন্তু মনু সেচ প্রকল্পের ত্রুটি, কাশিমপুর পাম্প হাউসের অকার্যকারিতা এবং খাল ভরাট ও দখলের কারণে হাওরের পানি সময়মতো নামছে না। ফলে প্রতি বছর আমন ও বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যাচ্ছে।

মাওলানা আহমদ বিলাল বলেন, “আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ কাউয়াদীঘি হাওরের পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, খাল পুনঃখনন এবং পাম্প হাউস আধুনিকায়নের উদ্যোগ নেব।”

নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, কুশিয়ারা ও মনু নদীর ভাঙনে রাজনগরের উত্তরভাগ ও সীমান্তবর্তী ইউনিয়নগুলোর বহু পরিবার প্রতি বছর ভিটেমাটি হারাচ্ছে। অস্থায়ী বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর যে চেষ্টা করা হয়, তা কোনো স্থায়ী সমাধান নয়। প্রয়োজন টেকসই নদীতীর সংরক্ষণ ও স্থায়ী বাঁধ নির্মাণ।

উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনগরের অনেক এলাকায় বর্ষা এলেই রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। বছরের পর বছর সংস্কার না হওয়ায় মানুষের যাতায়াত, চিকিৎসা ও শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। “আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন নিশ্চিত করবো,”
গ্যাস সংযোগ প্রসঙ্গে মাওলানা আহমদ বিলাল বলেন, রাজনগরের মানুষের বাড়ি বাড়ি লাইনের গ্যাস সংযোগ একটি যৌক্তিক দাবি। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “আমি ১১ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার–৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবেন—এটাই আমার বিশ্বাস।” তিনি আরও বলেন, যারা কথা দিয়ে কথা রাখে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, রাজনগরে বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক রাজনীতি করাই তাঁর লক্ষ্য।

এর আগে তিনি একই উপজেলার মোকাম বাজারে একটি পথসভায় বক্তব্য দেন। এছাড়াও বুধবার রাত ৭টায় আব্দুল্লাহপুর বাজারে এবং রাত ৮টায় ওয়াপদা বাজারে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

পথসভা শেষে তিনি এলাকাবাসীর প্রতি আগামী নির্বাচনে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে দেয়ালঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো