বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ নেয়ার অভিযোগে সুনামগঞ্জে সংগঠনের বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ ও সদস্যসচিব আবদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী আমিরুল হক, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাবেক সভাপতি মইনুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ইছাক আলী, পৌর বিএনপির সাবেক সদস্য আবদুল মজিদ, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, একই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য উছমান গণি, সুকেশ দেবনাথ ও বুরহান উদ্দিন, একই উপজেলার ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মেল হক, উপজেলা জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্যসচিব জিল্লুর রহমান তালুকদার।
এর আগে একই অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদকে বহিষ্কার করা হয়।
এই আসনে দলের প্রার্থী হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। এখানে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। ইতোমধ্যে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।