বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এনডিসি, পিএসসি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। হাজিরা প্যারেডের মাধ্যমে সকলকে একইভূত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য অন গ্রাউন্ড ডিউটিতে থাকবে। এদের মধ্যে তিনজন অস্ত্রধারী থাকবে। অস্ত্রধারীদের একজন প্রিজাইডিং অফিসারের সাথে এবং দুইজন সেকশন টুআইসির সাথে থাকবে। বাকী ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন নারী।
সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আনসার ভিডিপি সমাবেশ ও হাজিরা প্যারেডে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ২০ লক্ষ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলায় ভোটকেন্দ্র রয়েছে ৭২০টি। সে হিসেবে জেলায় ৯ হাজার ৩৬০ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। এদের মধ্যে ২ হাজার ১৬০ জন অস্ত্রধারী।
মামুনূর রশীদ বলেন, ভোট কেন্দ্রে গন্ডগোল হলে দুইজন এন্ডইউজার ছবি ও ভিডিও তুলে আমাদের রেসপন্ড গ্রুপে আপলোড করবে ও লোকেশন শেয়ার করবে। এই গ্রুপের আনসার স্টাইকিং ফোর্স, বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সাথে সাথে রেসপন্স করবে। এই নির্বাচন যেন সুন্দর ও সুষ্ঠু হয় সেজন্য সমন্বিতভাবে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ট্রেনিং ও প্রশিক্ষণপ্রাপ্তদের যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। জাতির আশা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। সেটা বাস্তবায়নে আমরা কাজ করবো। দেশের ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে ১৩ জন করে ৫ লক্ষ ৬০ হাজার প্রশিক্ষিত জনবল থাকবে।