সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী একজনকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বারোগাতি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলী রানী দেব।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলী রানী দেব বলেন, “জৈন্তাপুরে অবৈধভাবে মাটি কাটা, লাল পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনো প্রভাবশালী মহল বা অবৈধ চক্রকে ছাড় দেওয়া হবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে জরিমানা, জেল ও যন্ত্রপাতি জব্দসহ সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান, মোকামপুঞ্জি, ফতেপুর, চিকনাগুল এবং ১ নম্বর নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি এলাকায় মাটি কাটা, লাল পাথর উত্তোলন ও বিক্রির প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।