আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এবং নির্বাচন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা-এর আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুশফিক নূরের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মো. ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিত্রা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী বিধিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা, ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং সঠিকভাবে ফলাফল প্রস্তুত ও প্রকাশের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।