সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর (কম্পিউটার প্রতীক) এর সমর্থনে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল হাই’র বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মইনুল বাকর বলেন, “আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানুষের সেবার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আমার কোনো রাজনৈতিক দল নেই—জনগণই আমার দল। আমার কোনো হাইকমান্ড নেই—আমি শুধু জনগণের কথা শুনবো।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে বিজয়ী করলে সংসদে জনগণের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করবো। সিলেট-৩ আসনের উন্নয়ন, কর্মসংস্থান ও সেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
মইনুল বাকর বলেন, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি উন্নয়নবান্ধব ও জনকল্যাণমুখী সিলেট-৩ গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিনুল ইসলাম ডিনেশ, সহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, “মইনুল বাকর একজন সৎ, ভদ্র ও নিরহঙ্কার মানুষ। তাঁকে সংসদে পাঠাতে পারলে এলাকায় দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”
তাঁরা আগামী ১২ ফেব্রুয়ারি কম্পিউটার প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রার্থীর বক্তব্য শোনেন এবং তাঁকে সমর্থনের আশ্বাস দেন।