আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ জামালগঞ্জ উপজেলায় গণসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করেছেন।
রবিবার দিনব্যাপী উপজেলার সেলিমগঞ্জ বাজার, গজারিয়া বাজার ও নাজিমনগর বাজারসহ বিভিন্ন এলাকায় পথ সভা করেন। পথসভায় জামালগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমির মো. ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ।
এসময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন,
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী আকবর, ফেনারবাঁক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোশাহেল আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা রশিদ আহমদ সহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বিভিন্ন এলাকা, বাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর লক্ষ্য ও কর্মসূচির কথা তুলে ধরেন।
গণসংযোগকালে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ বলেন, দেশের মানুষ আজ সৎ ও যোগ্য নেতৃত্ব চায়। সুনামগঞ্জ–১ আসনের জনগণ তাকে নির্বাচিত করলে তিনি এলাকার উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে থাকা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।