চাঁদাবাজমুক্ত, নিরাপদ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আম্বরখানা পয়েন্টে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মাহমুদুল হাসান বলেন, সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতিতে অতিষ্ঠ। আমি স্পষ্টভাবে বলতে চাই—চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতেই আমরা রাজপথে নেমেছি। ক্ষমতার লোভ নয়, মানুষের নিরাপত্তা ও সম্মান ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য। কেউ যদি মানুষের ঘামে ভেজা টাকা জোর করে কেড়ে নেয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব। সিলেটের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পথেই হাতপাখা এগিয়ে চলছে।
পথসভায় উপস্থিত সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ সিলেট দেখতে চান।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও সিলেট-১ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে নেতাকর্মীরা আশপাশের এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন।
সভা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদিন হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।