আজকের শিশুরাই আগামী দিনে চিকিৎসক, মন্ত্রী ও সচিব হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। তাই মানসম্মত শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। শিশুদের মেধা বিকাশে সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।
রবিবার সকালে গোলাপগঞ্জ পৌর শহরের হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা নতুন ভবনের উদ্বোধন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিবেদিতা দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ৪১ বছর শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষিকা নিবেদিতা দাস যে অবদান রেখেছেন, তা প্রশংসনীয় ও অনুকরণীয়। তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে গোলাপগঞ্জ উপজেলার সন্তান ও এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে করেন বলেও জানান।
বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক অবুঝ চন্দ্র দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
শাবিপ্রবি অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, এলজিইডি সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফারুক আহমদ, শিক্ষা অফিসার মহি উদ্দিন, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম, বিদ্যালয় প্রতিষ্ঠাতা দাতা পরিবারের সদস্য ময়নুল ইসলাম শামিম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুল সাজিদ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিবেদিতা দাসকে সংবর্ধনা স্মারক ও মানপত্র প্রদান করা হয়। একইসঙ্গে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অনুরঞ্জন দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক স্বদেশ চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জুবায়ের আহমদ, এম.সি. একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক মোস্তাফিজুর সুমন, জাকের আহমদ, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রবীণ মুরব্বী আফতাব উদ্দিন, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য নাজিম আহমদ, নাসির উদ্দিন, রানকেলী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা খানম, বাঘা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।