সিলেটের গোলাপগঞ্জ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় ছাব্বির আহমদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এসআরবির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি সূত্র জানায়, সোমবার (১৯ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাব্বির আহমদকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছাব্বির আহমদ বালাগঞ্জ উপজেলার কায়েস্তগাঁও হাড়িয়ারগাঁও গ্রামের গেন্দু মিয়ার ছেলে।
এসআরবি জানায়, গোলাপগঞ্জ থানা এলাকার একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে ছাব্বিরের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত ৮ আগস্ট সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে না পেয়ে তার মা গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে মেয়েটিকে ফুসলিয়ে অপহরণের অভিযোগে ছাব্বির আহমদকে আসামি করে থানায় মামলা করেন তার মা।
এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা কিশোরী ও গ্রেপ্তার ছাব্বির আহমদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।