সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। মূল দায়িত্ব পালনের পাশাপাশি সুনামগঞ্জ সীমান্তের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার ২৮ বিজিবির পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২২টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ২০টিসহ সর্বমোট ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবির প্লাটুনসমূহ ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়াও দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তা তদারকি ও নিয়মিত টহল পরিচালনার সুবিধার্থে ১টি বিশেষ বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বিজিবি জানায়, নিয়মিত সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় প্রশাসন, মণ্ডপ কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবির এই তৎপরতা ২২ অক্টোবর পর্যন্ত থাকবে।