সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বিএনপি নেতা জালাল ফারুকীকে বহিষ্কারের সুপারিশ

সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জালাল উদ্দিন ফারুকীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের কাছে পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করা হয়।

চিঠিতে অভিযোগ করা হয়, মো. জালাল উদ্দিন ফারুকী বিভিন্ন সময়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন অপপ্রচার চালিয়ে আসছেন। এছাড়া আদম ব্যবসার মাধ্যমে বিভিন্ন নারীকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা নেওয়ার পর তাদের বিদেশে না পাঠানোর অভিযোগে কয়েকজন ব্যক্তি ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ কমিটির সদস্যদের কাছে অভিযোগ করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও দাবি করা হয়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বিভিন্ন সময় লোকজন রাস্তাঘাটে তাকে আটক করে মারধর করেছেন। গত ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে সংঘটিত চাঁদাবাজির সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ সেপ্টেম্বর সাচনা বাজার-বেহেলী সড়কের অটোরিকশা চালক সমিতির শতাধিক সদস্য জালাল উদ্দিন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সাচনা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ ঘটনায় সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা করা হয়েছে বলেও চিঠিতে দাবি করা হয়। মামলাটির নম্বর ২৩৬/২০২৬, জামালগঞ্জ এবং মামলাটি বর্তমানে জামালগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রির জন্য ডিলারশিপ নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে হাতেগোনা কয়েকজনকে পণ্য দেওয়ার পর অবশিষ্ট মালামাল কালোবাজারে বিক্রির অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কোনো সভায় তিনি উপস্থিত থাকেননি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, এসব অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মো. জালাল উদ্দিন ফারুকীকে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তীতে মো. জালাল উদ্দিন ফারুকীর কোনো কর্মকাণ্ডের দায়ভার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি বহন করবে না।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মালিক বলেন, ‘জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশসংবলিত একটি চিঠি আমরা পেয়েছি। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই সম্পর্কিত আরো