মৌলভীবাজার সদর ও পৌর এলাকার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলার টিবি হাসপাতাল রোড এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি কোম্পানির আটা, ময়দা ও তেলের ডিলারের কাছে মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি পণ্যের মূল মেয়াদের সিল ঘষে তুলে নিজেদের তৈরি নকল সিলের মাধ্যমে নতুন মেয়াদ সংযোজন করে পণ্য সরবরাহের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। একই অভিযানে জব্দ করা ১২৭ প্যাকেট আটা ও ময়দা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি পণ্যের মেয়াদ পরিবর্তনে ব্যবহৃত নকল সিলও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে পৌর এলাকার কুসুমবাগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় একটি মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৃথক দুই মামলায় মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযান দুটিতে দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রচলিত আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।