মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনিপুরী তাঁত পণ্যের ডিজাইন ও মানোন্নয়নে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা মনিপুরী শাড়ি, ওড়না ও জামায় বিভিন্ন ধরনের নকশা ও ডিজাইনের কাজ শেখেন।
বুধবার দুপুরে উপজেলার ডলুবাড়ি এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর, এসএমই ফাউন্ডেশনের জুনিয়র অফিসার সৈয়দ নাফিজ তানজিম, কো-অর্ডিনেটর (শ্রীমঙ্গল তাঁত শিল্প ক্লাস্টার) মো. রবিউল ইসলাম রাসেল, নারী উদ্যোক্তা সালেহা বেগম ও প্রশিক্ষক মাইন উদ্দিন ফুয়াদসহ সংশ্লিষ্টরা।
এর আগে গত শনিবার সকালে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ৩০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী অংশ নেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মনিপুরী তাঁত পণ্যের নকশা, গুণগত মান ও বাজারজাতকরণে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের দক্ষতা ও আয় বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।