আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধন) আওতায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষক-কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার জাউয়াবাজার, দোলারবাজার, চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নের ১৫ জন করে মোট ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, বাস্তবায়ন ও আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকার পরিচালক মোহাম্মদ রওশন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন এবং ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। এছাড়া ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লক পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সকালে উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের ধানখেতে ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে আমন ধানের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা আনুষ্ঠানিকভাবে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রশিক্ষণে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি যান্ত্রিকীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণ আয়োজকরা জানান, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন খরচ কমানো এবং কৃষকের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ ও উৎসাহিত করবে।