সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লায় অরিন্দম চৌধুরী অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ১৫ আগস্টকে কেন্দ্র করে অরিন্দম চৌধুরী অপু কয়েক দিন ধরে এলাকায় নাশকতার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসআই শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “সারাদেশের মতো শাল্লাতেও ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করা হচ্ছে। নাশকতার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যাতে কেউ করতে না পারে, সে জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে।