জাতীয় সংসদ গ্যালারিতে অনূর্ধ্ব-১২ শিক্ষার্থীদের জন্য বর্তমানে ৫০টি আসন রয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দর্শনার্থী গ্যালারিতে আরো ১০০ আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেন। স্পিকার ওই আবেদন মঞ্জুর করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এখন থেকে আরো বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সঙ্গে পরিচিত করাবে।
এ বিষয়ে এহছানুল হক মিলন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন। যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই, জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি নিয়ে সচেতন হোক।’
এ বিষয়ে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে আলাপ করতে গেলে, তিনি এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা সংসদে এলে সংসদের অধিবেশন চালুর আগে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্যশৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।’