এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বলেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার (২৩ মার্চ) মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, দুদকসহ ফেনীতে তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশ হেফাজতে আছেন।
এদিকে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মাসুদ উদ্দিন চৌধুরী আটকে সোনাগাজী বাজারে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
মাসুদ চৌধুরী আটকের খবরে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সদস্য ছিলেন তিনি। তার নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত হয়েছিলেন আমাদের দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।